ট্রেন যাত্রীর কাছ থেকে সোয়া কেজি সোনা উদ্ধার

 
 
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সোমবার সকালে ১০ টি স্বর্ণের বারসহ সুজন ওরফে বাবর (২৭) নামে এক ট্রেন যাত্রীকে গ্রেফতার করেছে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, সকাল আটটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে কমলাপুরে আসেন সুজন। ট্রেন থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে শরীর ও তার ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে সোয়া ১ কেজি স্বর্ণের ১০টি (প্রতিটি ১০ তোলা ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলি তার জিন্স প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকায় থাকা ভারতের একজন নাগরিকের কাছে এ স্বর্ণের বার দেয়ার কথা ছিল। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।