জাপানের প্রধানমন্ত্রী আসছেন ৬ সেপ্টেম্বর

 
দুইদিনের সরকারি সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দীর্ঘ প্রায় ১৪ বছর পর বাংলাদেশ সফরে আসছেন জাপানের কোন প্রধানমন্ত্রী। সর্বশেষ ২০০০ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে তত্কালীন জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিরো মরি বাংলাদেশ সফর করেছিলেন।
ঢাকা সফরকালে শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া বাংলাদেশ-জাপান বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং জাপান এক্সটার্নাল ট্রেড ওর্গানাইজেশন (জেইটিআরও) আয়োজিত বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামে বক্তব্য রাখবেন তিনি।
গত ২৫ থেকে ২৮ মে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ সময় তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান জাপানি প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনার ঐ সফরে ঢাকা ও টোকিও’র মধ্যে সম্পর্কের নতুন যুগের সূচনা হয়। জাপান বাংলাদেশের বৃহত্তম দাতা ও উন্নয়ন অংশীদার। নিয়মিতভাবে অনুদান, সহায়তা, কারিগরি সহায়তা ও সহজ শর্তে ঋণ দিয়ে যাচ্ছে জাপান। গত বছর জাপান ১১ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেয়।
গত মে মাসে টোকিও সফরকালে শেখ হাসিনা ও শিনজো আবে ছয় বিলিয়ন মার্কিন ডলারের সাতটি বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে জাপানি অর্থায়নের চুক্তি হয়। শিনজো আবের ঢাকা সফরেও কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও টোকিও’র কর্মকর্তারা।