স্কুলের দ্বিতীয় সাময়িকী পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মনঃকষ্টে আঁখীতারা (৯) নামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার দিনগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আঁখীতারা চুয়াডাঙ্গা পৌরসভার অন্তর্ভূক্ত হাজরাহাটি গ্রামের আহাদ আলীর কন্যা ও গ্রাম্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, অতি সম্প্রতি অনুষ্ঠিত স্কুলের দ্বিতীয় সাময়িকী পরীক্ষার প্রকাশিত ফলাফলে আঁখীতারা একাধিক বিষয়ে তুলনামূলক কম নম্বর পায়। এদিকে, পরীক্ষায় ফলাফল খারাপ করার কারণে বাড়িতে মা বকাঝকা করলে আঁখীতারা দিশেহারা হয়ে পড়ে। ঘটনার সময় সন্ধ্যা রাতে মা রান্নাঘরে ব্যস্ত থাকা অবস্থায় শিশু আঁখীতারা ঘরের জানালার শিকের মাথায় উড়না বেঁধে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।