ঢাকার দোহার উপজেলার দুবলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সোহেল বাদশা (২৮) নামে এক যুবক মারা গেছে। একই ঘটনায় রফিক (২৭) অন্য এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটে। সোহেল পশ্চিম মরিচপট্টি গ্রামের কালাম বাদশার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোহার উপজেলার মুকসেদপুর এলাকার আড়িয়ল বিলে মঙ্গলবার রাতে নৌকাযোগে মাছ ধরতে যায় সোহেল ও রফিক। ভোররাতে বাড়ি ফেরার পথে ঝুলন্ত বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাবার সময় নৌকার সাথে স্পর্শ হয়ে শরীরে জড়িয়ে পড়লে সোহেল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে এবং রফিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দোহার আঞ্চলিক অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানির স্তর উপরে ওঠায় তারের নিচ দিয়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।