মাওয়ায় রো রো ফেরি তৃতীয় দিনের মতো বন্ধ

মাওয়া-কাওড়াকান্দিতে রো রো ফেরি তৃতীয় দিনের মতো আজ বুধবার বন্ধ রয়েছে। দু’পারে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ প্রায় ৬শ’যান। কম ধারণ ক্ষমতার ৯টি ফেরি দিয়ে এখন ফেরিসার্ভিস সচল রাখা হয়েছে ।
১৩ দিনের মাথায় দ্বিতীয় বারের মতো সোমবার নদী ভাঙ্গনে মাওয়া রো রো ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে যায়।
গত ১৯ আগস্ট থেকে নদী ভাঙ্গন স্রোতের কারণে এই ফেরি সার্ভিস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ টানা ১৬দিন ধরে ফেরি সার্ভিস বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল হক জানান, মাওয়া ৩ নম্বর নতুন রো রো ফেরিঘাটটি আগের ৩ নম্বর ফেরিঘাটের ১শ’ ফুট পূর্বে স্থাপনের কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার এই ঘাটটি সচল হলে রো রো ফেরি চলাচল আবার শুরু হবে। তবে উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত সঙ্কট পুরোপুরি কাটছে না।
এদিকে সোমবারের নদী ভাঙ্গনে রো রো ফেরিঘাটের তলিয়ে যাওয়া র‌্যামটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তুম। বীরশ্রেষ্ঠ রুহুল, আমানত শাহ ও শাহ আলী এই ৩টি রো রো ফেরি ছাড়াও টানা জাহাজের (আইটি) অভাবে বন্ধ রয়েছে ফেরি লেন্টিং, প্রবল স্রোতে ঢাকা ও কর্ণফুলী চলতে পারছে না। ফেরি রামশ্রীকে মেরামতের জন্য ডকে পাঠানো হয়েছে। এখন চলাচল করছে টানা ফেরি থোবাল, রানীগঞ্জ, রানীক্ষেত রায়ুপুরা ও টাপলু। কে-টাইপ ফেরি করবী, কেতকি ও কাকলী এবং মিডিয়াম ফেরি ফরিদপুর। কিন্তু সচল এই ৯টি ফেরিও স্রোতের সাথে পাল্লা দিয়ে স্বাভাবিক চলতে পারছে না। কাওড়াকান্দি থেকে মাওয়ায় আসার পথে সময় লাগছে অপেক্ষাকৃত বেশি।
এদিকে মাওয়ায় অব্যাহত নদী ভাঙ্গনে লঞ্চঘাটের পশ্চিম পাশের ১০টি দোকানসহ আরও ১শ’ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরিয়ে নেয়া হয়েছে আরো ৯টি দোকান।
মাওয়া-কাওড়াকান্দিতে রো রো ফেরি তৃতীয় দিনের মত আজ বুধবার বন্ধ রয়েছে। দু’পারে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ প্রায় ৬শ’যান।
কম ধারণ ক্ষমতার ৯টি ফেরি দিয়ে এখন ফেরিসার্ভিস সচল রাখা হয়েছে ।