ফখরুলসহ ২৬ নেতাকর্মীর চার্জ শুনানি পেছালো

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়েছে।
 বুধবার মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মির্জা ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মোহসীন মিয়া আদালতে চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেন।
আদালতকে তারা জানান, বকশীবাজারে খালেদা জিয়ার মামলা শুনানিতে তারা অসুস্থ হয়ে পড়ায় তাদের পক্ষে শুনানি করা সম্ভব নয়। ঢাকার সিএমএম আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া ১২ অক্টোবর চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গত বছরের ৩ মার্চ পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ দলটির ২৬ নেতাকর্মীকে এ মামলার আসামি করা হয়।