স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সম্প্রতি নিয়োগ পাওয়া ছয় হাজার ডাক্তারের কেউ যদি কমপক্ষে দুই বছর মফস্বলের কর্মস্থলে না থাকেন, তাহলে শোকজ ছাড়াই সরাসরি তাদের চাকরিচ্যুত করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। কোনো অজুহাতে দুই বছরের আগে কাউকে মফস্বলের কর্মস্থল থেকে প্রত্যাহারও করা হবে না। এ ব্যাপারে তিনি সকল সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সমালোচনায় ভয় পাই না। বিএনপি গাড়ি পোড়াবে, মানুষ হত্যা করবে। বিপরীতে আমরা গ্রামে ডাক্তার দেব, ওষুধ দেব, আইসিইউ করব। এর মাধ্যমে আমরা জনগণের ভোট জয় করব।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে প্রতিশ্রুতি দেন, তা তিনি রক্ষা করেন। এবার প্রতিশ্রুতি দিয়েছিলেন— গ্রামে ডাক্তার নিয়োগ দেবেন। সে অনুযায়ী গত ৫ আগস্ট আমি নিজ হাতে ৬ হাজার ডাক্তারদের নিয়োগপত্র দিয়েছি। সকল এমপিকে চিঠি দিয়ে এই তালিকা জানানো হয়েছে। কার এলাকায় কত ডাক্তার দেয়া হয়েছে, সেটির তালিকা দিয়েছি।
মন্ত্রী বলেন, নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা সবাই তরুণ। এবার আমরা কিছু নীতিমালা করেছি, যা আগে ছিল না। এবারই প্রথম ডাক্তারদের নিজ জেলায়, উপজেলায় এমনটি নিজ ইউনিয়নেও নিয়োগ দেয়া হয়েছে। যেন তারা নিজ এলাকার মানুষের, স্বজনদের সেবা করতে পারেন। নীতিমালা করেছি— দুই বছর নিজ এলাকায় থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় সহ্য করা হবে না। সবাইকে নিজ জেলা বা উপজেলায় দেয়া সম্ভব হয়নি, পদ খালি না থাকার কারনে। তাদেরকে পাশের এলাকায় দিয়েছি। যে ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনই ডাক্তার, তাদের চেষ্টা করেছি একই জেলায় নিয়োগ দিতে। এমপিদের দায়িত্ব এটা দেখার, তার এলাকার মানুষ ঠিকমত চিসাি পাচ্ছেন কি না, ডাক্তাররা ঠিকমত দায়িত্ব পালন করছেন কি না। কেউ যদি দায়িত্বে অবহেলা করে, দয়া করে আমাকে জানান, আমি ব্যবস্থা নেব। এ ব্যাপারে আমি এমপিদের সহযোগিতা চাই।
ইঅ/চৌফে/শ২৭৮