চারুকলায় ঢুকতে চাওয়ার অপরাধে (!)

ছাত্রলীগের হাতে সাংবাদিক প্রহৃত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢুকতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে আরিফুর রহমান নামের এক সাংবাদিক প্রহৃত হয়েছেন। চারুকলায় কোনো ‘বহিরাগত’ প্রবেশ করতে পারবে না—এই যুক্তি দেখিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরিফুর অনলাইন নিউজপোর্টাল এটিএন টাইমস-এর সহসম্প­াদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
আরিফের একাধিক সহপাঠী দাবি করেছেন, অফিস শেষ করে ক্যাম্প­াসে যাওয়ার পথে সন্ধ্যা সাতটায় চারুকলায় বসতে যাচ্ছিলেন তিনি। রাস্তায় যানজট থাকায় হেঁটে আসায় এ সময় তিনি বেশ ক্লান্ত ছিলেন। কেন্দ্রীয় গণগ্রন্থাগার-সংলগ্ন চারুকলার প্রবেশপথ দিয়ে ঢুকতে গেলে সেখানে আড্ডারত ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর পথ আটকায়। তিনি নিজের পরিচয় দিলেও চারুকলার বাইরের কেউ এখানে ঢুকতে পারবে না বলে বাঁধা দেয় ছাত্রলীগের কর্মীরা। আরিফ নিজেকে ক্লান্ত দাবি করে তাঁকে ঢুকতে দেওয়ার অনুরোধ করেন। তখন কথা বলতে এগিয়ে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্প­াদক আশিকুর রহমান। তাঁর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের ১০-১২ জন কর্মী ইট-লাঠি দিয়ে আরিফকে মারধর করেন। এতে তাঁর নাকের হাড় ভেঙে যায়। হাত, পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হন আরিফ।
খবর পেয়ে সহপাঠীরা গিয়ে আহত আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আশিকুর রহমানের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। পরবর্তীতে চারুকলা ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমানের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাত সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী ঢাকা মেডিকেল কলেজে আহত আরিফকে দেখতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনায় প্রকৃত দোষীদের খুঁঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।