পুলিশ কনস্টেবল অচেতন অবস্থায় উদ্ধার

বুধবার রাতে রুমান সিরাজী (২৫) নামে এক পুলিশ কনস্টেবল অজ্ঞান পার্টির কবলে পড়ে সব হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে কমলাপুর স্টেশনে। রুমানকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি কুমিল্লা পুলিশ লাইন্সের কনস্টেবল।

মতিঝিল থানার পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১০ টার দিকে কমলাপুর ইনল্যাণ্ড কনটেইনার ডিপোর (আইসিডি) সামনে থেকে পুলিশের কনস্টেবল রুমান সিরাজীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আইসিডির সামনে কনস্টেবলকে মারধর করে চেতনানশক পদার্থ খাইয়ে তাঁর কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে যায় দুর্বৃত্তরা। কিন্তু ভয়ে তারা কাছে যাননি।  হাসপাতালে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এসএম উজ্জল হোসেন বলেন, সিরাজীর পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে সব খুইয়েছেন। সিরাজী সুস্থ হয়ে উঠলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।