এইচআরডব্লিউকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

বিচারাধীন বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ অবমাননার অভিযোগটি নিস্পত্তি করেছে।
এইচআরডব্লিউ গত বছর ১৬ আগস্ট এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে। ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস’ শিরোনামে ওই বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগ আনে তারা। এরপর ২০ অগাস্ট এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ। অভিযোগের বিষয়ে প্রাথমিক শুনানি করে গত বছরের ২ সেপ্টেম্বর সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ট্রাইব্যুনাল। এইচআরডব্লিউ’র বোর্ড অব ডিরেক্টটরস, এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভের বিরুদ্ধে আদালত অবমানার নোটিশ জারি করে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে বলা হয়। পরে আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা তুলে ধরে এইচআরডব্লিউ।
ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ ১৩ অক্টোবর
এদিকে, বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার আদেশের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
 দুই পক্ষের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। আদালতে বার্গম্যানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। অপরদিকে আবেদনের পক্ষে মিজান সাঈদ শুনানি করেন। গত ২০ ফেব্রুয়ারি সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে আদালত। ট্রাইব্যুনালে ৬ মার্চ হাজির হয়ে ২০১১ সালের ১১ নভেম্বর ও ২০১৩ সালের ২৮ জানুয়ারি ব্লগে লেখার বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।