প্রবল স্রোতের কারণে মুন্সীগঞ্জের মাওয়া ৩নং ফেরিঘাট পদ্মায় বিলীন হওয়ার পর রো রো ফেরি চলাচল আজ দুপুরেও স্বাভাবিক হয়নি।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাওড়াকান্দিঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের চাপ তেমন নেই বললেই চলে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দিঘাটের সহকারী ব্যবস্থাপক এমএ বাতেন মিয়া জানান, ‘মাওয়া’য় ৩নং রো রো ফেরিঘাট ভেঙ্গে যাওয়ার পর পুনরায় স্থাপন করা সম্ভব হয় নি। এর ফলে রো রো ফেরি চালু করা যাচ্ছে না। তবে ডাম্ব ফেরি চলাচল স্বাভাবিক আছে। ১৭টি ফেরির মধ্যে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
তিনি জানান, এরমধ্যে কে-টাইপ ৪টি ,ডাম্ব ৫টি ও ভিআইপি ১টি ফেরি চলাচল করছে। এদিকে পদ্মায় পানি কমে যাওয়ার লৌহজং চ্যানেলে ডুবোচর দেখা দিয়েছে। ফলে ফেরিগুলো ঘুরে যেতে ৩ থেকে ৪ ঘন্টারও বেশী সময় লাগছে।’রো রো ফেরিঘাট পুনরায় স্থাপন করে দ্রুত চালু করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট রাত ৯টার দিকে মাওয়া ৩নং রো রো ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে যায়। বিলীন হওয়ার পরে ২৮ আগস্ট পুনরায় তা স্থাপন করা হয়েছিল। এরপর সোমবার দুপুর ৩টার দিকে আবারো পদ্মায় বিলীন হয়ে যায়।