নীলফামারীর সৈয়দপুরে জান্নাতি বেগম (১০) নামে এক শিশু কন্যাকে জবাই করে প্রায় সাড়ে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডিকসো মোল্লাপাড়ায় এই ঘটনা ঘটে। জান্নাতি ঐ গ্রামের আবুল গফুরের মেয়ে এবং কুমারগাড়ি দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জান্নাতিকে বাড়িতে একা রেখে পরিবারের লোকজন পার্শ্ববর্তী নিকটাত্বীয়ের বাড়িতে যায়। এ সময় কে বা কারা ঘরের ভেতরেই তাকে হত্যা করে বাড়িতে রক্ষিত ৪ লাখ ৩০ হাজার ১৪ টাকা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, টাকা লুটের সময় শিশুটি দুর্বৃত্তদের দেখে ফেলায় বা চিনতে পারায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।