পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবা-ছেলে গোড়ান শান্তিপুর স্কুলের সামনের রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন ইস্রাফিল ও তার ছেলে সায়েম। এসময় তাদের কাছে ৪৮ লাখ টাকা ছিল। হঠাত্ অজ্ঞাত একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে যায়। পরে তাদের চিত্কারে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিত্সকরা রাত সাড়ে নয়টার দিকে ছেলে সায়েমকে মৃত ঘোষণা করেন। চিকিত্সকরা জানিয়েছেন বাবার অবস্থাও গুরুতর। গুলিবিদ্ধ ইস্রাফিল বলেন, আমার কাছে ৪৮ লাখ টাকা ছিল। কে বা কারা আমাদের দু'জনকে গুলি করে সঙ্গে থাকা ওই টাকা নিয়ে যায়। ইসরাফিল পেশায় একজন ডলার ব্যবসয়ী বলেও জানান তিনি। এ ব্যাপারে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।