দিনাজপুরে আদিবাসী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ঢুডু সরেন হত্যা মামলার প্রধান আসামি গোফ্ফার রহমানকে (৪৫) আজ শুক্রবার ভোরে গাজীপুরের কাশীমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জানা গেছে, বিরামপুরের পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী কৃষক ঢুডু সরেনের সাথে খালিপুর গ্রামের গোফ্ফার রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২ আগস্ট সকালে গোফ্ফার বাহিনী ঢুডু সরেনকে (৬০) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আটজনকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা হয়। আসামিদের গ্রেফতারের দাবিতে এ অঞ্চলের আদিবাসী ও সহযোগী এনজিও গুলো মিছিল, মিটিং ও মানববন্ধন করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে মামলাটিকে অধিকতর গুরুত্ব দিয়ে ২৫ আগস্ট দিনাজপুর ডিবিতে স্থানান্তর করা হয়।
ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন শেষে আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন। ব্যাপক অনুসন্ধানে তিনি গাজীপুর জেলার কাশীমপুর এলাকা থেকে শুক্রবার ভোরে প্রধান আসামি গোফ্ফার রহমানকে গ্রেফতার করেন।
এসআই বজলুর রশীদ জানান, গাজীপুর থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথের কথাবার্তায় আসামির নিকট গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এ খবর লিখা পর্যন্ত আসামিকে দিনাজপুর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ চলছিল।