রামগতিতে আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন তেলির চর কামাল বাজারে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সহোদর দুই ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ওই এলাকার সাইফুদ্দিন ও যুবরাজ ওরপে নুরউদ্দিন। এ সময় তাদের মাছের আড়ৎ (গদিঘর) থেকে দেশীয় একটি একনলা বন্দুক ও দু’টি ছেনী উদ্ধার করা হয়। তাদেরকে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রামগতি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন চর গজারিয়া ক্যাম্পের পুলিশ গত বুধবার গভীর রাতে তেলিরচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে রামগতি থানায় আনা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, গ্রেফতারকৃতদের আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।