উজিরপুরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে খুন, আটক ১

বরিশালের উজিরপুর উপজেলার রাখালতলায় সোহাগ সেরনিয়াবাত (২৫) নামে এক যুবদল কর্মীকে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। সোহাগ গুটিয়া ইউনিয়ন বিএনপি’র নেতা ফারুক সেরনিয়াবাতের ছেলে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সোহাগ সেরনিয়াবাতের সঙ্গে ওই এলাকার কাসেম মহুরীর তিন ছেলে লালন মহুরী (৩০), ইমরান (২৫) ও মামুনের (১৮) আধিপত্য নিয়ে বিরোধ ছিল।

গতকাল বৃহস্পতিবার রাতে সোহাগ তার বন্ধু জাহাঙ্গীরকেকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিয়ে অপর বন্ধু সাইফুল ইসলামকে সাথে নিজ বাসায় ফিরছিলেন। রাখালতলা নামক স্থানে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা মোটরসাইকেলটির গতি রোধ করে। তারা সোহাগ ও সাইফুলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই কাসেম মহুরীকে আটক করে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডের সাথে পেশাদার ভাড়াটিয়া খুনিরা জড়িত বলে পুলিশ ধারণা করছে। আজ শুক্রবার নিহত সোহাগের মামা খায়রুল ইসলাম নান্টু বাদী হয়ে উজিরপুর থানায় হত্যা মামলা করেন। কাসেম মুহুরীকে এ মামলার আসামি করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আগামী রবিবার তাকে রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হবে বলে থানার ওসি জানান।