'পদ্মা সেতুর যন্ত্রপাতি চট্রগ্রামে, শিগগির সয়েল টেস্ট'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুব শিগগির পদ্মা সেতুর সয়েল টেস্টের কাজ শুরু হবে। ইতোমধ্যে চায়না থেকে সেতু নির্মাণের যন্ত্রপাতির প্রথম শিপমেন্ট চট্রগ্রামে এসে পৌঁছেছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যন্ত্রপাতির দ্বিতীয় শিপমেন্ট এসে পৌঁছবে। নদী শাসনের জন্য নিম্ন দরদাতা হিসেবে চীনের সিনোহাইড্রো ও কোরিয়ার হুন্দাই দুইটি কোম্পানির সুপারিশ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য দুই দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ক্রয় কমিটিতে পাঠানো হবে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুইটি প্রধান বিষয় হচ্ছে- মূল সেতু ও নদী শাসন। ইতোমধ্যে সেতুর কাজ শুরু হয়ে গেছে। গত ৪ আগস্ট নদী শাসনের জন্য ট্যাকনিকেল অ্যাভুয়েশন কমিটি ও বিশ্বব্যাংক মনোনিত মনসুর অ্যাইম চায়না সিনো হাইড্রো করপোরেশন ও কোরিয়ার হুন্দাই কোম্পানিকে যাচাই বাছাইয়ের পর মনোনিত করে কাজের জন্য সুপারিশ করেছে। সিনোহাইড্রো নদী শাসন কাজের জন্য ৮,৭০৭ কোটি ৮১ লাখ টাকার প্রস্তার করেছে। যা সরকারের বাজেট থেকে ১০ ভাগ কম। অপরদিকে হুন্দাই কোম্পানি ১২,১২২ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাব দিয়েছে। সরকারি বাজেট থেকে এটা প্রায় ২০ ভাগ কম। দুইটি প্রস্তাবই আগামী দুই দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ক্রয় কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাইয়ের পর প্রধানমন্ত্রীর কাছে চূড়ান্ত অনুমোদন যারা পাবেন তাদের সাথে চুক্তি হবার পরই নদী শাসনের কাজ শুরু হবে। এছাড়া অপর কোম্পানি জান্ডিলেনকে ইতোমধ্যে যোগ্যতার অভাবে বাদ দেয়া হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, নদী শাসনে নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম, মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী নুরুল হক, পদ্মা সেতু কাজের তত্ত্বাবধানে থাকা সেনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মন্ত্রী ধসেপড়া টঙ্গীবাড়ি বেইলি ব্রিজের সংস্কার কাজ পরিদর্শন করেন।