স্বামীকে খুন করে স্ত্রীর আত্মহত্যা

খাগড়াছড়িতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বেলতলী এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্বামী ধর্মধন চাকমা (৫৫) ও স্ত্রী যতন মালা চাকমা (৪৫)।
লক্ষ্মীছড়ি থানার ওসি রতন কান্তি দাশগুপ্ত জানিয়েছে, যতন মালা চাকমা দা দিয়ে তার স্বামী ধর্মধন চাকমাকে কুপিয়ে খুন করেন। ঘটনার পর থেকে স্ত্রী নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার সকালে বাড়ির পাশে জঙ্গলে গাছের ডালে যতন মালার ঝুলন্ত লাশ উদ্বার করা হয়েছে।
কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে কলহ চলছিল। প্রায়ই তাদের ঝগড়া হত। তবে বৃহস্পতিবার রাতে কি নিয়ে খুনের মতো ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি হাসপাতালে পাঠিয়েছে।