বাড্ডায় গুলিতে নারী আহত

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক নারী। গুলিবিদ্ধ সাজেদা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বাড্ডার পোস্ট অফিসের গলিতে নিজ বাসায় এ ঘটনা ঘটে।
সাজেদার স্বামী আব্দুর রব হাসপাতালে সাংবাদিকদের জানান, ঘটনার সময় তিনি ও তার দুই ছেলে মসজিদে ছিলেন। দুর্বৃত্তরা সাজেদাকে গুলি করে পলিয়ে যায়। একটি গুলি সাজেদার বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলী জানান, বাড্ডার ওই বাসার তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকেন রব। আর নিচ তলায় তার একটি আসবাবপত্রের দোকান রয়েছে। ঘটনার কারণ জানা যায় নি।
বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।