ইউএনওর হস্তক্ষেপে তানোরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী

 
 
 
রাজশাহীর তানোরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর (১৩)। শুক্রবার বেলা সাড়ে ১১টায় দুবোইল গ্রামের বাড়িতে তার বিয়ের অনুষ্ঠান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনীরুজ্জামান। তিনি বর ও কনের অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করে বিয়েটি ভেঙ্গে দেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার দুবোইল গ্রামের ঐ কিশোরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে। মুণ্ডুমালা পৌরসভার মৃত হাছেন আলীর ছেলে মুরসালিনের (১৮) সাথে তার বিয়ের জন্য শুক্রবার দিন ধার্য করা হয়। বেলা ১১টার দিকে কনের বাড়িতে হাজির হন বরডাত্রী। গোপনে খবর পেয়ে সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ও তানোর থানার উপ-পরিদর্শক (এস.আই) হাসমত পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। পরে কনে ও বরের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়।
ইউএনও মুনীরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপস্থিত কাজী ও স্থানীয় মৌলভীকে শতর্ক করা হয়েছে।