বঙ্গোপসাগরে গণডাকাতি, ৫ ট্রলারসহ ২ শতাধিক জেলেকে অপহরণ

 
 
বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার বহরে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। দস্যুরা মুক্তিপণের দাবীতে ৫টি ট্রলারসহ অন্তত দুই শতাধিক জেলেকে অপহরণ করেছে। শুক্রবার ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত  দফায় দফায় বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলবর্তী ফেয়ারওয়ে বয়া, সোনাদিয়া ও ডিমের চর এলাকায় বনদস্যু জাহাঙ্গীর ও  ফরহাদ বাহিনীর সদস্যরা মাছধরা ট্রলারে এই হামলা চালায়। দস্যুরা জেলেদের আহরিত মাছ, নগদ অর্থ, জ্বালানী তেল, মোবাইলফোন সেট ও ট্রলারসহ প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৭টার সময় ক্ষতিগ্রস্ত মত্স্য ব্যবসায়ী ও মত্স্যজীবী সমিতির নেতারা এসব তথ্য জানান।
জাতীয় মত্স্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন জানান, বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া মহিপুর ও সোনাদিয়া এলাকায় ইলিশ আহরণরত মাছধরা ট্রলার বহরে স্বশস্ত্র বনদস্যু  জাহাঙ্গীর ও ফরহাদ বাহিনী ৪টি ট্রলারযোগে এসে হামলা ও লুটপাট চালায়। এসময় তারা জেলেদের মারধর করে নগদ টাকা, জাল, মাছ ও জ্বালানী তেল, মোবাইল ফোন সেট লুট করে জন প্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবীতে দুই শতাধিক ট্রলারের মাঝিকে তুলে নিয়ে গেছে। ্সময় ৫টি ট্রলার নিয় গেছে দস্যুরা। অপহূত জেলেদের বাড়ী বাগেরহাটের শরণখোলা, পটূয়াখালীর মহিপুর, বরগুনার পাথরঘাটা, চরদুয়ানী, পিরোজপুরের মঠবাড়ীয়া এলাকায় বলে তিনি জানান। তাত্ক্ষণিভাবে তিনি অপহূতদের মধ্যে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মারুফ মিয়ার এফবি মধু মিয়া ট্রলারের মাঝি মোঃ আনোয়ার হোসেন (৩২), এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক ও মাঝি রোকা মিয়া (৩৮), নলবুনিয়া দ্বীপচরের আবুল হোসেনের এফবি জনি ট্রলারের মাঝি ধলু মোল্লার (৪০) নাম জানাতে পেরেছেন।
বরগুনা জেলা ট্রলার মাঝি সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, পাথরঘাটার কালিয়ার খাল এলাকার ইসমাইল খানের এফবি এমরান ট্রলারের মাঝি মোজাম্মেল হাওলাদার (২৫), সেলিম চৌধুরীর এফবি সোনার মদিনা ট্রলারের নাছির মাঝিসহ তাদের এলাকার অর্ধশতাধিক জেলেকে দস্যুরা অপহরণ করে নিয়ে গেছ। তবে অন্য জেলেদের নাম পরিচয় এ পর্যন্ত জানতে পারেননি।
ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মত্স্য ব্যবসায়ী মো. আবু হোসন জানান, তার এফবি ফারহা ট্রলার ও ট্রলারের মাঝি ফরিদ হোসেন (৪৫), মিস্ত্রি ছিদ্দিক মিয়া (৩৫) ও দেলোয়ার হোসেন (৩২) এবং শিব্বির কমিশনারের ট্রলারসহ মাঝিকে নিয়ে গেছে। সিরাজ কমিশনারের ট্রলারে গুলি চালিয়েছে দস্যুরা।্ এছাড়া, মত্স্য ব্যবসায়ী আনিসুল কেরানীর ট্রলারের মাঝি মোস্তাফিজ (৩৮), আক্তার হোসেনের ট্রলারের মাঝি বাবুলসহ (৩২) শতাধিক জেলেকে অপহরণের খবর তিনি শুনছেন।
কোষ্টগার্ড মোংলার (পশ্চিমজোন) জোনাল কমান্ডার কাজী মেহেদী হাসান মুঠোফোনে জানান, জেলে অপহরণের কোন ঘটনা তাদের জানা নেই।  তবে খোজঁখবর নিয়ে অপহরণের ঘটনা সঠিক হলে জেলে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।