ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন মহিয়সী নারী:আমু

 
আওয়ামী লীগের প্রবীন নেতা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক মহিয়সী নারী। প্রচলিত সমাজে নারীরা যেখানে সন্তান-সন্ততি ও পরিবারের ভবিষ্যত্ নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে, সেখানে বেগম মুজিব ছিলেন এর ব্যতিক্রম। তিনি নিজ ও পরিবারের ঝুঁকি জেনেও বাঙালির স্বাধীকার সংগ্রামের প্রতি মুহুর্তে বঙ্গবন্ধুকে সাহস ও সমর্থন যুগিয়েছিলেন।
শনিবার শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ওপর রচিত গ্রন্থ ‘আমাদের বেগম মুজিব’ এর প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক সংসদ সদস্য ও যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার এ গ্রন্থের প্রণেতা।
শিল্পমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুর দীর্ঘ কারাবরণ করলেও এ বিষয়ে বেগম মুজিব কখনো বিচলিত হননি; বরং তিনি কারগার থেকে বঙ্গবন্ধুর নির্দেশনা এনে দলীয় নেতা কর্মীদের পরিচালনা করেছিলেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দলের কর্মীদের দুঃসময়ে তিনি নিজের যা ছিলো, তা দিয়েই পাশে দাঁড়িয়েছিলেন। বেগম মুজিবের সাহস, ত্যাগ ও প্রজ্ঞার কারণে বঙ্গবন্ধু ছাত্রনেতা থেকে জাতির পিতা হতে পেরেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সারাবিশ্বের ঐতিহাসিক ভাষণ হিসেবে আজ স্বীকৃত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রওশন আরা ফিরোজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি প্রমুখ।