গেল আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১ লাখ ৪২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। দেশটির শ্রম ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।
তথ্যে বলা হয়েছে, নতুন কর্মসংস্থান সৃষ্টির ফলে দেশটিতে বেকারত্বের হার কিছুটা কমে ৬ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। যা জুলাইয়ে ছিল ৬ দশমিক ২ শতাংশ। এ দিকে গত প্রায় এক বছর ধরে দেশটিতে প্রতি মাসে গড়ে দুই লাখের মতো কর্মসংস্থান সৃষ্টি করছে। তবে আগস্টে তা কিছুটা কমার কারণ হিসেবে বলা হয়েছে, এ মাসে সুপারমার্কেট স্টোরের শ্রমিকদের স্ট্রাইকের কারণে ১৭ হাজার খাদ্য ও পানীয় সংক্রান্ত কর্মসংস্থান কম হয়েছে। এতে বিশ্বের সর্ববৃহত্ অর্থনীতির এ দেশটির কর্মসংস্থান প্রবৃদ্ধির হার আগের তুলনায় কিছুটা কমেছে। তবে কর্মসংস্থান কমলেও এ মাসে মজুরি বৃদ্ধি একটি লক্ষ্যণীয় উন্নতি। যা দেশটির অর্থনীতি ইতিবাচক হওয়ার ইঙ্গিত বহন করে।
এ দিকে গাড়ি শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। তবে পেশাগত ও ব্যবসা-বাণিজ্যের কর্মসংস্থান এখনও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য অবস্থান ধরে রেখেছে।
ইঅ/চৌফে/শ১৪৭