বইমেলায় আজহারুল হক ফরাজীর চার বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক ও সংগঠক আজহারুল হক ফরাজীর চারটি নতুন বই। এর মধ্যে দুটো যৌথ অনুবাদ গ্রন্থ ‘অভিযাত্রী মার্কো পোলো’ ও ‘দ্য চীট’ প্রকাশ করছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তান। এছাড়া সাইফুল ইসলাম জুয়েল ও আজহারুল হক ফরাজীর সম্পাদনায় দুটি সংকলন প্রকাশিত হয়েছে। ছোটগল্প সংকলন ‘শেষ হইয়াও হইল না শেষ’ ও সায়েন্স ফিকশন গল্প সংকলন ‘কল্পবিজ্ঞানের গল্প’ প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ।

এবারের বইমেলায় সাইফুল ইসলাম জুয়েল ও আজহারুল হক ফরাজীর সম্পাদনায় সংকলন দুটোও পাঠকদের মন ভালো করে দিবে বলে মনে করেন অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন। তিনি বলেন, 'পাঠক বই দুটিতে একই সঙ্গে প্রেম, বিরহ, রহস্য, অ্যাডভেঞ্চার ও বৈজ্ঞানিক কল্পকাহিনির স্বাদ পাবেন'। বিশ্বের ইতিহাসে অন্যতম পর্যটক মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত নিয়ে রিচার্ড জে. ওয়াল্শ এর অনবদ্য গ্রন্থের পরতে পরতে উঠে এসেছে বিশ্বের তখনকার সময়ের শাসন ব্যবস্থা ও নানান দেশের সৌন্দর্য্যের বর্ণনা, যা তরুণ প্রজন্মকে বিশ্বভ্রমণে উদ্বুদ্ধ করবে। 

সাইফুল ইসলাম জুয়েল ও আজহারুল হক ফরাজীর মতে, ক্যারেল ক্যাপলের সূক্ষ্ম রসবোধ এবং সংযমের বাঁধ ছিল বলেই তিনি অতি সাধারণ ঘটনাকেও রসোত্তীর্ণ করতে সক্ষম হতেন। তার ছেলেবেলার কথা বলতে গিয়ে তিনি কোন এক জায়গায় লিখেছেন, 'আমাদের গাঁয়ের কসাইটিকে আমাদের বড় ভালো লাগত। প্রায়ই বিকেলে তার দোকানে আমি যেতাম। সেখানে কসাইটি তার নিপুণ হাতে ধারাল কাটারি দিয়ে ক্ষিপ্রগতিতে মাংস কেটে যেত আর আমি ঘণ্টার পর ঘণ্টা চুপ করে বসে থাকতাম কখন অসাধারণ মুহূর্তে তার হাতখানা কেটে যাবে তাই দেখবার আশায়! সন্ধ্যা হয়ে যেত, হাতও কাটত না, আমিও হতাশ হয়ে বাড়ি ফিরতাম'। অতি সাধারণ ঘটনাকেও রসোত্তীর্ণ করে কেমন চমৎকারিত্বের সৃষ্টি করা যায়, এটি তারই একটি দৃষ্টান্ত।

আরও পড়ুন:  কুমিল্লায় আরেকটি ভবনে আগুন

ক্যারেল ক্যাপেকের অন্যান্য রচনার মতো দ্য চীটেরও বিষয়বস্তু অতি সাধারণ, আমাদের চির পরিচিত, অতি সহজেই মনকে নাড়া দেয়। দ্য চীটের অভিনব আঙ্গিক রসজ্ঞ মহলের দৃষ্টি আকর্ষণ করবে বলেই মনে করেন অনুবাদকরা। 

ইত্তেফাক/জেডএইচডি