অঙ্গার হওয়া মানুষ জানো না
আমরা যে কথা জানি
এসেছে মন্ত্রী, এসেছে মেয়র
এসেছে মহান বাণী।
বসন্ত বলে পাতার আড়ালে
কোকিলের কুহু কুহু
এসেছে মিডিয়া খবরের খোঁজে
সাথে কিছু আহা, উঁহু।
মর্গে, স্বর্গে যেখানেই থাকো
খুশি হবে তুমি জেনে
তোমার মৃত্যু নিছক সংখ্যা
সকলে নিয়েছি মেনে।
বেঁচে থাকাদের কপালে অল্প
দুশ্চিন্তার রেখা
কেউ কি কাউকে শেখাতে পারবে?
সহজ না কিছু শেখা।
কান খুলে শোনো অগ্নিগিরিতে
যারা যারা বসে আছ
তোমাকে বাঁচাতে আসবে না কেউ
পার যদি নিজে বাঁচো।