টানা চার দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশিরভাগ শেয়ারের দাম বাড়ার পর রবিবার কিছুটা থেমেছে। আর সোমবার কিছুটা সংশোধন হয়েছে শেয়ারের দর। চার কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স বেড়েছিল প্রায় ১০০ পয়েন্ট। রবিবার সূচক ছিল অনেকটাই অপরিবর্তিত। সূচক কমেছে ৩২ পয়েন্ট। এদিকে রবিবার সূচক কমলেও বেশিরভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দাম বেড়েছে। তবে এ খাতের শেয়ারগুলোর দর সংশোধন হয়েছে।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, মুনাফা তুলে নেয়ার প্রবণতায় গতকাল বাজারে দর সংশোধন হয়েছে। ডিএসইতে লেনদেনকৃত ২৯৮টি কোম্পানির মধ্যে ৪৬টি কোম্পানির দর কমেছে ৩ ভাগ বা তার চেয়েও বেশি। এদিকে সিঙ্গার বিডি ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় এ কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে। দাম বাড়ার তালিকাতে এ কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০২ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি৬৫ লাখ টাকা কম।
লেনদেনকৃত ২৯৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের প্রথম দিনে সুহূদ ইন্ডাস্ট্রিজের অর্ধেক শেয়ার লেনদেন হয়েছে। প্রথম দিনে এ শেয়ারের দর বেড়েছে ৪০০ ভাগ। অর্থাত্ বিনিয়াগকারীরা চারগুণ মুনাফা পেয়েছেন এ শেয়ার থেকে। সুহূদ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৬ লাখ ২ হাজার ৭৬৫টি সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে। ডিএসইতে ৬৪ লাখ ৬৮ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে। দিনভর এ শেয়ারের দর ৩৩.৩ টাকা থেকে ৫০.৫ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ দর স্থির হয় ৪৮.২ টাকা। কোম্পানিটি ফেসভ্যালু ১০ টাকায় শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৪ কোটি টাকা সংগ্রহ করে।