সিএসই ৩০ ইনডেক্সে নতুন ৭ কোম্পানি

 
সিএসই-৩০ ইনডেক্সে শর্ত পূরণ করায় নতুন ৭ কোম্পানি অন্তর্ভূক্ত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ফলে তালিকা থেকে বাদ পড়েছে অন্য ৭ কোম্পানি। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফর্মেন্স পর্যালোচনা করে এ তালিকা সমন্বয় করা হয়েছে। নতুন এ সমন্বয় কার্যকর হয়েছে সোমবার থেকেই। সিএসই সূত্র এ তথ্য জানিয়েছে।
সিএসই জানিয়েছে, যেসব কোম্পানি সিএসইতে নতুন যুক্ত হয়েছে সেগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স  কোম্পানি লিমিটেড, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড, ওরিয়ন ফার্মা, বাটা সু কোম্পানি (বিডি) লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, লিনডে বাংলাদেশ লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আর সিএসই-৩০ থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড, আরামিট লিমিটেড, বেক্সিমকো লিমিটেড ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সিএসই-৩০ ইনডেক্স অর্থনীতির ১৮টি খাতের প্রতিনিধিত্বমূলক একটি বহুমাত্রিক ইনডেক্স। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ৩০টি কোম্পানি নিয়ে মূলত এ সূচক গঠিত হয়। সিএসই-৩০ ইনডেক্সভুক্ত কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন বাজারের মোট পরিশোধিত মূলধনের শতকরা প্রায় ১৫ দশমিক ১১ ভাগ এবং ফ্রি ফ্লট বাজার মূলধনের শতকরা প্রায় ৩১ দশমিক ৬১ ভাগ। বছরে সাধারণত দুবার তালিকাভুক্ত কোম্পানিগুলোর পাফের্মেন্স পর্যালোচনার ভিত্তিতে ইনডেক্সের কোম্পানির সমন্বয় করা হয়।