প্রায় ৫ বছর আগে মালয়েশিয়ান একটি চলচ্চিত্রে টানা প্রায় দেড়মাস করেছিলেন। মালয়েশিয়ার মেইনস্ট্রিম চলচ্চিত্রে বাংলাদেশি কোনো তারকার এটি ছিল প্রথম কাজ। সেই হিসেবে সবকিছু ঠিকঠাক থাকলে দারুণ রেকর্ড হতো নিরবের ক্যারিয়ারে। তবে সবুরের ফল যে মিষ্টি হয় তা প্রমাণিত হলো। বাংলাশিয়া নামের চলচ্চিত্রটি জাপানের একটি চলচ্চিত্র উত্সবে ছবিটি প্রদর্শিত হয়। এরপর ছবিটির ওপর খড়গ নেমে আসে। মালয়েশিয়ার সরকার ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করে। শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না।
এবার সব জটিলতার অবসান হয়েছে। নিরব অভিনীত ছবিটি মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে তিন ভাষায় নির্মিত ‘বাংলাশিয়া’ ছবিটি মুক্তি পাবে। ছবির প্রচারণায় অংশ নেওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি মালয়েশিয়া উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন নিরব। পরদিন ছবির অভিনয়শিল্পী, কলাকুশলী আর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ছবির প্রিমিয়ারে অংশ নেবেন। নিরব এখন রফিক শিকদারের ‘হূদয়জুড়ে’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির কাজের ফাঁকে বলেন, ‘পাঁচ বছর আগে বাংলাদেশের একজন ফটোসাংবাদিকের মাধ্যমে মালয়েশিয়ার চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়। ওই ফটোসাংবাদিকের কাছ থেকে ছবি দেখে আমার ব্যাপারে তারা আগ্রহী হয়।’