ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন যে বিশ্বকাপের আগে আরো কয়েকটি ওয়ানডে ম্যাচ হলে দলের ভালো হতো।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর প্রাক্কালে এ কথা বলেন তিনি। আজ দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে শুরু হবে নৈশকালীন ২০ ওভারের এ খেলার সিরিজ উদ্বোধনী ম্যাচটি। অপরদিকে ৫০ ওভার ক্রিকেটের বিশ্বকাপ শুরু হবে ৩০ মে।
বিরাট কোহলি গণমাধ্যমকে বলেন,‘সম্ভবত আরো কয়েকটি ওয়ানডে ম্যাচ শুধু আমাদের নয়, উভয় দলের জন্যই ভালো হতো। এটা হতো অনেক বেশি যথার্থ এবং যৌক্তিক। তারপরও আমাদেরকে সামনে থাকা সম্ভাব্য সেরা সুযোগগুলোই কাজে লাগাতে হবে।’ অবশ্য টি-টোয়েন্টি দুটির পরই ভারত ও অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। উভয় দেশই মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্য এ সিরিজে অংশ নিতে যাচ্ছে।
গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ভারত অবশ্য ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটির জন্য দল প্রায় গুছিয়ে ফেলেছে। কোহলি এ তথ্য দিয়ে জানান সিরিজের অগ্রগতি সাপেক্ষে হয়তো একটি কিংবা দুটি আসনে বিস্মিত হওয়ার মতো কাউকে দেখা যেতে পারে। কোহলি বলেন,‘আমরা কম-বেশি ঠিক করে ফেলেছি। তবে সিরিজ চলাকালে আপনি হয়তো এমন কিছু দেখবেন যা আপনাকে দলগতভাবে বিস্মিত করবে। এর ফলে আপনি হয়তো তাত্ক্ষণিকভাবেই পরিবর্তন আনতে চাইবেন। তবে এটা নির্ভর করবে আপনার সামনে কি পরিস্থিতি এসে দাঁড়ায়।’