মন্ত্রিসভা কমিটির অনুমোদন

পদ্মা সেতুর নদী শাসন কাজও পেলো চীনা প্রতিষ্ঠান

 
 
 
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে নদী শাসন কাজে ঠিকাদার হিসেবে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশনকে নিয়োগের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
এতে মোট ব্যয় হবে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। মোট ব্যয়ের ৩০ শতাংশ বাংলাদেশী টাকায় এবং ৭০ শতাংশ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে।
সচিবালয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, পদ্মা সেতুর নদী শাসন কাজের ঠিকাদার হিসেবে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশনকে নিয়োগ দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্বব্যাংকের কোনো অভিযোগ আছে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, না, কোনো অভিযোগ নেই। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখেছি এটি কালো তালিকাভুক্ত কোন প্রতিষ্ঠান নয়। সিনোহাইড্রো কর্তৃক নির্মাণাধীন ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ বিলম্বিত হওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমাদের কারণেই দেরী হয়েছে। প্রকল্প এলাকায় মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকায় এগুলো সরাতে সময় লেগেছে। বিভিন্ন প্রক্রিয়া শেষ হলে চুক্তি করা হবে এরপর কাজ শুরু হবে। আর এ জন্য আরও কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আর্থিক প্রস্তাবে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে সিনোহাইড্রো সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। সিনোহাইড্রো যে দর দিয়েছে সেটা প্রাক্কলিত ব্যয়ের চেয়ে প্রায় ১০ শতাংশ কম।
তিনি জানান, অপর যে দুটি প্রতিষ্ঠান আর্থিক প্রস্তাবে অংশ নিয়েছিল সে প্রতিষ্ঠান দুটি হচ্ছে- বেলজিয়ামের প্রতিষ্ঠান জান ডি নাল এনভি ট্রাগেল  এবং কোরিয়ান প্রতিষ্ঠান ‘হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি।
 

 

ইঅ/চৌফে/শ২৩৯