জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি জোটের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর আগে ইয়েমেনের প্রধান বন্দরনগরী হুদাইদায় হুতিদের বিরুদ্ধে লড়াই স্থগিতের ঘোষণা দেয় সৌদি জোট। এরপরই জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে অনুরূপ ঘোষণা আসে হুথিদের পক্ষ থেকে।
একই সঙ্গে ইয়েমেনে রক্তক্ষয়ী সামরিক অভিযান চালানো সৌদি জোটে থাকা সংযুক্ত আরব আমিরাত এবং রিয়াদের দেশিয় মিত্রদের ওপরও হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত হুতিরা।
হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলি আল হুতি এক বিবৃতিতে হামলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জাতিসংঘ দূতের আহ্বানে আগ্রাসী দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামানোর সিদ্ধান্ত ঘোষণা করছি।’
আরও পড়ুনঃ খাশোগি হত্যাকাণ্ডের রেকর্ড শুনতে অনিচ্ছুক ট্রাম্প
গত সেপ্টেম্বরে হুতিরা না আসায় জাতিংঘের একটি ইয়েমেন শান্তি আলোচনার উদ্যোগ ভেস্তে যায়। তবে ওই দফায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস। তিনি শান্তি আলোচনাকে সঠিক পথে ধাবিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
২০১৮ সালের মধ্যেই সুইডেনে ইয়েমনের বিবদমান পক্ষগুলোকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চাইছেন গ্রিফিথস। যুদ্ধ থামানোকেই এ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে।
ইত্তেফাক/টিএস