প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ তোলার অনুমতি পেয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটিডে। মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এ অনুমোদন দেওয়া হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টটি পুঁজিবাজার থেকে দেড় কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। পুঁজিবাজর থেকে টাকা নিয়ে হোটেলের রুমের আসবাবপত্র ক্রয় ও ফিনিশিংয়ের কাজে ব্যবহার করা হবে। এছাড়া বাকি টাকা দিয়ে জমি ক্রয় ও আইপিও ব্যয় নির্বাহ করা হবে। কোম্পানিটির ২০১৮ সালের ৩০ জুন নিট শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৮ পয়সা। শেষ তিন বছরের ভারিত গড় হিসাব করলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪১ পয়সা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।