অক্টোবরে ইন্টারনেট ট্রেডিং মেলা করবে সিএসই

 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ আগামী অক্টোবরে ইন্টারনেট ট্রেডিং মেলার আয়োজন করতে যাচ্ছে। ঘরে বসে আইফোনের মাধ্যমে বিনিয়োগকারীরা যেন বাজারে লেনদেন করতে পারেন সে জন্য সিএসই এ মেলা করবে। অক্টোবর মাসের শেষের দিকে এ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেলার ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।
সোমবার রাজধানীর সিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, মেলায় দর্শনার্থীরা স্মার্ট ফোন, আইপ্যাড অথবা ল্যাপটপের মাধ্যমে আইটিএস (ইন্টারনেট ট্রেডিং সিস্টেম) ট্রেডিং হাতে-কলমে দেখতে পারবেন। আইটিএস মেলায় সিএসই'র ট্র্যাকহোল্ডার, বিভিন্ন আইটি কোম্পানি ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে।
সৈয়দ সাজিদ বলেন, খুব শিগগির পুঁজিবাজারে তিনটি নতুন সূচক চালু করবে সিএসই। এগুলো হচ্ছে-বেঞ্চমার্ক সূচক, আইপিও সূচক এবং শরীয়াহ সূচক। আগামী অক্টোবরের শেষের দিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সূচকগুলো চালুর বিষয়ে অবহিত করব। নভেম্বরের মধ্যে তা চালু করা হবে। এ লক্ষ্যে সিএসইর সব রকম প্রস্তুতি শেষ হয়েছে।