আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন— বর্তমান উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা, সাবেক ইউপি সদস্য ইসমত আরা শিল্পী ও রওশন আরা বুলবুলি।
আগামী ১০ মার্চ আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে এলাকায় দোয়া চেয়ে পোস্টার লাগিয়ে প্রার্থিতা জানান দেন ইসমত আরা শিল্পী। সেই সঙ্গে তিনি এলাকায় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তবে থেমে ছিলেন না বর্তমান নারী ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা। তিনিও তফসিল ঘোষণার আগে থেকে উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচনে দুবার অল্প ভোটে পরাজিত প্রার্থী রওশন আরা এবার তৃতীয়বারের মতো অংশ নিচ্ছেন। তিনি এলাকায় কোনো পোস্টার না লাগালেও লোকজনের সঙ্গে দেখা করে দোয়া চাচ্ছেন। আর ভোট প্রার্থনা করছেন।
ইসমত আরা শিল্পী বলেন, আমি দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এবার নির্বাচনে উপজেলাবাসীর দাবিতে আমি ভোটে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে এলাকায় রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন, মাদক নির্মূলসহ উন্নয়নে প্রচেষ্টা চালাবো।
আছিয়া খানম সম্পা বলেন, বিগত পাঁচ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে চলার চেষ্টা করেছি। আরেকবার সুযোগ পেলে জনগণের পাশে থাকতে চাই।
রওশন আরা বুলবুলি বলেন, ভোট যদি সুষ্ঠু হয় এবং ভোটাররা যদি ভোটকেন্দ্রে যেতে পারে, তাহলে আমি বিপুল ভোটে জয়ী হবো।