শেয়ারবাজারে এক দিন কিছুটা দর সংশোধনের পরই আজ মঙ্গলবার ফের বেড়েছে সূচক। সঙ্গে লেনদেনও। তা ছাড়া বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় বেড়েছে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, তিন দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৪ হাজার ৭০০ পয়েন্টের উপরে অবস্থান করায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। ফলে বেড়েছে লেনদেনের পরিমাণ।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ২২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬৭ কোটি ৩২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৩ কোটি ৭২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭০টির কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাইট ইস্যুর আবেদন নাকচ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। বিএসইসির রাইট ইস্যু রুল-২০০৬ অনুযায়ী ব্যাংকটি রুল ৩ (এফ) পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকটির রাইট ইস্যুর আবেদন নাকচ করে দেয়। এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ১:২ হারে অর্থাত্ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করে।