হরতাল প্রত্যাহারের আহবান এফবিসিসিআইর

 
দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।  বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৪ আয়োজন করেছে। এ ফোরামে বিভিন্ন দেশের অনেক আগ্রহী বিনিয়োগকারীরা অংশগ্রহন করেছেন। যারা এখন দেশে অবস্থান করছেন। এ অবস্থায় হরতাল হলে বিদেশী বিনিয়োগকারীদের কাছে তা নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। এটা কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এ অবস্থায় হরতালসহ যে কোন নেতিবাচক কার্যক্রম দেশের বিনিয়োগকারীদেরকে নিরুত্সাহিত করবে। তাছাড়া হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে বিপর্যয় এবং অনিশ্চয়তার মুখে ফেলে দিবে। এ নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বিগ্ন। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারন নীরিহ মানুষের জানমালের ক্ষতি দেশের ব্যবসায়ী সমাজ কোনভাবেই সমর্থন করতে পারে না।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ্ণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ও আগামী রবিবার সারা দেশে২৪ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।