চকবাজার ট্র্যাজেডি

সোনাইমুড়িতে আরো একজনের দাফন, অপরজনের লাশ শনাক্ত

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নোয়াখালীর সোনাইমুড়িতে আরও একজনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের মীর্জানগর গ্রামে নিহত আনোয়ার হোসেন মঞ্জুকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এছাড়া ওই ঘটনায় নিখোঁজ একই গ্রামের জাফর আহমদের(৫০) লাশ শনাক্ত করেছেন নিহতের স্বজনরা। এ তথ্য নিশ্চিত করেছেন সোনাইমুড়ি থানার ওসি মো. আব্দুস সামাদ।

আনোয়ার হোসেন মঞ্জু মীর্জানগর গ্রামের আব্দুর রহিম বিএসসির ছেলে এবং জাফর আহমদ একই গ্রামের সোলাইমানের ছেলে।

সোনাইমুড়ি থানার ওসি মো. আব্দুস সামাদ জানান, চকবাজারের ফার্মেসি ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে তার লাশ শনাক্ত করে নিয়ে যান।

ওসি আরো জানান, একই দিন বিকালে জাফর আহমদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে শনাক্ত করেন স্বজনরা। উল্লেখ্য, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোনাইমুড়িতে এ পর্যন্ত ১১ জনের লাশ দাফন করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা ১২ জন হলো। এছাড়া বেগমগঞ্জে দুজন ও কোম্পানীগঞ্জে একজনসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জন।