যেখানে নিরাপত্তা ব্যত্যয়, সেখানেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই স্লোগানে নগরবাসীর নিরাপত্তার স্বার্থে নানমুখী উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে দখলকরা ফুটপাত দখলমুক্ত করতে গত বুধবার থেকে টানা অভিযান চালিয়েছে ডিএমপি।
ডিএমপি সূত্র জানায়, ডিএমপি’র ট্রাফিক বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদের নেতৃতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশের একটি টিম অবৈধভাবে দখল করা ফুটপাত দখলমুক্ত করতে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে গুলিস্তান ট্রেড সেন্টার, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, সুন্দরবন মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, গোলাপ শাহ মাজার, জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু এভিনিউ ও বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক এলাকা থেকে সকল প্রকার হকার উচ্ছেদ করা হয়। এর আগে পল্টন, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। হকারমুক্ত পরিবেশে স্বস্তিতে চলাচল করছে পথচারী। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা ।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, রাজধানীর মতো ব্যস্ত জায়গায় ফুটপাত দখল থাকার কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন। যার ফলে একদিকে যেমন পথচারীদের চলাচলে বাধাগ্রস্ত হয়, অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটার ফলে সৃষ্টি হয় যানজট। পথচারীরা যাতে ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারে এবং যানজট নিরসনের বিষয়টি মাথায় রেখে গুলিস্তান এলাকায় চালানো হয় হকারমুক্ত অভিযান।