দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে জানিয়ে দলের নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ইতোমধ্যে দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। যেখানে দুর্বলতা আছে তা খুঁজে বের করে দলকে শক্তিশালী করা হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার রচিত দুটি বইয়ের প্রকাশনা-পাঠ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রসহনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থায় দেশের মানুষ বসে থাকবে, তা বিশ্বাস করি না। সভায় আরো বক্তব্য দেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ প্রমুখ।