চকবাজারের আগুনের মুহূর্ত পাশের রাজমহল হোটেলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। এতে দেখা গেছে, গত বুধবার রাত ১০টা ৩২ মিনিটে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলের কর্মীরা কাজে ব্যস্ত ছিলেন। হঠাত্ আগুন দেখতে পেয়ে তারা দিকবিদিক দৌড়াদৌড়ি শুরু করেন।
গতকাল শনিবার ইত্তেফাকের কাছে এমন একটি ফুটেজ এসেছে। রাজমহল নামের ওই হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, রাত ১০টা ৩২ মিনিটে প্রথম বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে হোটেলের সামনের অংশ ধসে পড়ে এবং ইট ও বোতল হোটেলের দিকে উড়ে আসে। সড়কে থাকা মানুষজনকে আগুন ও ধ্বংসস্তূপের মধ্য থেকে বের হয়ে দৌড়ে নিরাপদ আশ্রয় নিতে দেখা যায়।
এই সিসি ক্যামেরার ফুটেজ দুর্ঘটনা তদন্তে নিয়োজিত কর্মকর্তারা সংগ্রহ করেছেন। তারা বিষয়টি তদন্ত করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ঘটনাস্থলে গতকাল সাংবাদিকদের বলেন, একটি সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তারপরও তদন্ত কমিটির রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তদন্ত কমিটি এখনো তাদের কাজ শেষ করতে পারেনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের চকবাজার জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাজমহল হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত কমিটি সংগ্রহ করেছে। এছাড়া আরও কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’