শেয়ারবাজারে রবিবার সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এ নিয়ে টানা ৫ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়লো। এ ৫ দিনে সূচক বেড়েছে দুই শ পয়েন্টেরও বেশি। এতে ডিএসইএক্স ৫ হাজারের দিকে ধাবিত হতে শুরু করেছে। তবে আজ লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে। লেনদেন হয়েছে ৯৮১ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৪ ভাগ কম।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৩৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩০৭ কোটি ১৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৩২টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৭৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ওরিয়ন ফার্মা ও আরএকে সিরামিকসের শেয়ার দর। সামপ্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ডিএসইকে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এ দিকে গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ড এবং এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানোর আবেদনে সম্মতি দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ৩০ জুন এ দুই ফান্ডের মেয়াদ শেষ হচ্ছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসইর সদস্য দুই ব্রোকারেজ হাউস মাল্টি সিকিউরিটিজ ও ডায়নামিক সিকিউরিটিজ কনসালটেন্ট পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ডিএসইর অনুমোদিত প্রতিনিধি বা স্টক ডিলার, স্টক ব্রোকাররা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পরিপালন করছেন কিনা, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়।