মফিজ উদ্দিন শেখ অষ্টম শ্রেণি পাস। ১৯৮৭ সালে পুলিশের কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন। ৩২ বছর পেরিয়ে আজ তিনি নিলফামারী জেলার ডিমলা থানার পরিদর্শক (তদন্ত)। পর্যায়ক্রমে পুলিশের পদোন্নতি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই পদে দায়িত্ব পেয়েছেন। কিন্তু চাকরির শেষ প্রান্তে এসে সাধ পূরণের জন্য চলতি বছর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মফিজ উদ্দিন শেখ। তিনি ডিমলা উপজেলার মোবারক হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন।
এ ব্যাপারে মফিজ উদ্দিন শেখ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা নিয়ে অতৃপ্তি ছিল। চাকরির শেষ জীবনে এসে সে সাধ পূরণের জন্য এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছি।’
নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ‘এটাকে পজেটিভলি দেখা উচিত। একটি মানুষ তার অসমাপ্ত শিক্ষা জীবন চাকরি করা অবস্থায় প্রায় ৩০ বছর পর আবারও শুরু করছেন -এটা তো ভালো উদ্যোগ। তিনি এত দিন যেভাবে পদোন্নতি পেয়েছেন নিশ্চয় মেধার কারণেই তা পেয়েছেন।’