রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে পুনরায় মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৮তম সভায় এ কোম্পানির আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। মোট ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৯৮১টি সাধারণ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছাড়বে বিআইএফসি। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা। রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা সংগ্রহ করবে।
নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানির পরিশোধিত মূল্য ১০০ কোটি টাকায় উন্নীত করা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালনে গত ২৪ মার্চ রাইট শেয়ার ছাড়া ঘোষণা দেয় বিআইএফসি। এ জন্য গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নেয়া হয়।