মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ২০ ৩০ বাড়ি ভাঙচুর, লুট

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামে গতকাল শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত, ৩০ বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, খলিশাখালী গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা দাউদ বিশ্বাস ও স্বপন বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল।

গতকাল সকালে দাউদ সমর্থক সজিবের সাথে স্বপন সমর্থক এনায়েতের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী সংঘর্ষে বাড়ি ঘরে ব্যাপক হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ১১ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় লোকজন মূল্যবান মালপত্র নিয়ে বাড়ি-ঘর ছেড়ে যাচ্ছেন বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন।  মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।