পিতা-পুত্রসহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ পাঁচ জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

চট্টগ্রাম: নগরীর ধনিয়ালাপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. সগির (৫০) ও মো. জুনায়েদ (১২)। গত শুক্রবার রাতে ধনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সগির মনছুরাবাদ এলাকার মুদির দোকানদার। তার ছেলে জুনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।

লক্ষ্মীছড়ি (খাগড়ছড়ি): লক্ষ্মীছড়ি উপজেলায় তংতুল্যা পাড়া নামক এলাকায় ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। গতকাল তংতুল্যা কার্বারী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তংতুল্যা পাড়ার মৌলাঙ মার্মার ছেলে ম্রাসা মার্মা (৩৫) ও মরনছড়ি এলাকার প্রভাত চাকমা (৩০)। আহতরা হলেন কৃষ্ণ চাকমা ও উচাই মার্মা।

রাজবাড়ী : দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার এলাকায় বালিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার রাজু শেখ (৩৫) নিহত হয়েছে। রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের দিলু শেখের ছেলে। গতকাল এ দুর্ঘটনা ঘটে।