টানা দর বৃদ্ধির মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর সূচক ডিএসইএক্স ৫ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনও হয়েছে এগারো শ কোটি টাকার ওপরে।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার। লেনদেনকৃত ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে নয় হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭০ কোটি ৪৫ লাখ টাকার। লেনদেনকৃত ২২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত প্রায় আড়াই মাস ধরে শেয়ারবাজারে লেনদেন ও সূচকের গতি ইতিবাচক হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এ জন্য নতুন নতুন বিনিয়োগকারী বাজারে প্রবেশ করছেন। ফলে বাড়ছে সূচক। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে বাজার ইতিবাচক হবে। তবে ফের কোনো কারসাজি হলে কিংবা কোনো ধরনের আস্থাহীনতা তৈরি হলে বাজার ধরে রাখা কঠিন। তাই বাজারে যেন কেউ কারসাজি করতে না পারে সে জন্য নিয়ন্ত্রক সংস্থাকে সজাগ থাকতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ডিএসই জানিয়েছে, বিবিধ খাতের সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৪ কার্যদিবস ধরে শেয়ারটির দর বেড়েছে ২৬ শতাংশ।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০১ টি কোম্পানির ২৫ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৬৮৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১০৩ কোটি ৬৪ লাখ ১২ হাজার ৬২৬ টাকার। যা আগের দিনের চেয়ে ১৭০ কোটি ৭৫ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স (DSEX) আগের কার্যদিবসের ৪৭.২০ পয়েন্ট বেড়ে ৫০২৬.৯৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৫.৪১ পয়েন্ট বেড়ে ১৯৪৯.৬৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ্ সূচক (DSES) ১৯.০৯ পয়েন্ট বেড়ে ১১৮১.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।