ইউনাইটেড এয়ারওয়েজের বিষয় তদন্তে কমিটি গঠন

 
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। 
বিএসইসির পরিচালক আবুল কালামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। প্রতিষ্ঠানটির পুরো ব্যবসায়িক কার্যক্রম  তদন্ত করবে এ কমিটি। প্রতিষ্ঠানটির ফ্লাইট কার্যক্রম বন্ধ হওয়া, নতুন পরিচালনা পর্ষদ, আবার ব্যবসায়িক কার্যক্রমে ফিরে আসা এবং বর্তমানে পুঁজিবাজারে লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবে তদন্ত কমিটি। আগামী ২১ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। 
এদিকে ফ্লাইট পরিচালনায় অর্থাভাবের কারণে গত ২৫ সেপ্টেম্বর ইউনাইটেডে এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। দুই দিন পর শনিবারে আবারও প্রতিষ্ঠানটির ফ্লাইট কার্যক্রম চালু হয়। কোম্পানিটির কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৮৪ কোটি টাকা পাওনা রয়েছে।
 এছাড়া জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও লিজ ভাড়া বাবদ ইউনাইটেড এয়ারওয়েজের আরো প্রায় ৫০ কোটি টাকা প্রয়োজন। অব্যবস্থাপনার অভিযোগে গত ২২ সেপ্টেম্বর পরিচালকদের চাপের মুখে ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী পদত্যাগ করেন।