আর্থিক খাতে শৃঙ্খলা ও জবাবদিহি ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির চলমান সংকট মোকাবিলা এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় পদ্মা ব্যাংককে রেজোলিউশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখাই এ উদ্যোগের উদ্দেশ্য।
এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকটির আর্থিক সংকট নিরসন ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে অধ্যাদেশে নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।
২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। কার্যক্রম শুরুর পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। আর্থিক দুরবস্থা ও গ্রাহকদের আস্থার সংকটের কারণে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের দায়িত্ব ছাড়তে হয়। পরে ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগের অংশ হিসেবে এর নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।
ব্যাংকটির কার্যক্রম সচল রাখতে সরকারি চারটি ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে তার মেয়াদেও সংকট থেকে বের হতে পারেনি প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের শুরুর দিকে তিনি চেয়ারম্যানের পদ ছেড়ে দেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নীতিগত সহায়তা দেওয়া হলেও খেলাপি ঋণের উচ্চ হার এবং গ্রাহকদের আস্থার ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি পদ্মা ব্যাংক। ফলে ব্যাংকটির আর্থিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
বর্তমানে ব্যাংকটির মূলধন ঋণাত্মক অবস্থায় রয়েছে। মোট ঋণের ৯২ শতাংশই খেলাপি। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। আর্থিক সক্ষমতা পরিমাপের প্রায় সব সূচকেই দুর্বল অবস্থানে থাকা ব্যাংকটির অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছে।
