অবশেষে চীনে এক্সবক্স ওয়ান

 
 
এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে চীনের বাজারে এক্সবক্স ওয়ান বিক্রির ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। তবে নিজেদের ঘোষণা দেয়া তারিখে বিক্রি শুরু করতে সক্ষম হয়নি তারা। শেষ পর্যন্ত আজ থেকে চীনের বাজারে মাইক্রোসফটের সর্বশেষ সংস্করণের এই গেম কনসোলের বিক্রি শুরু হয়েছে। আর এরই মাধ্যমে চীনে ১৪ বছর পরে কোনো বিদেশি কোম্পানির তৈরি গেম কনসোলের বিক্রি শুরু হলো। খবর জিনহুয়ার।
চীনের ৩৭টি শহরের চার সহস্রাধিক আউটলেটে শুরু হয়েছে এক্সবক্স ওয়ানের বিক্রি। চীনের ইন্টারনেট টেলিভিশন কোম্পানি বেসটিভি’র সাথে অংশিদারিত্বের ভিত্তিতে এই কনসোলগুলো বিক্রি হচ্ছে। চীনের বাজারে কাইনেক্ট মোশন ডিটেকশন সিস্টেমসহ ৪,২৯৯ ইউয়ান এবং কাইনেক্ট ছাড়া ৩,৬৯৯ ইউয়ান দাম রাখা হয়েছে এগুলোর।
এদিকে এক্সবক্স ওয়ান বিক্রির শুরু থেকেই গ্রাহকদের মাঝে ব্যাপক উত্সাহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন সংবাদের সূত্রে জানা যায়, এক্সবক্স বিক্রি হওয়ার স্থানগুলোতে শুরু থেকেই ছিল আগ্রহীদের ব্যাপক ভিড়। বেশিরভাগ এক্সবক্স আউটলেটের সামনেই অপেক্ষমান মানুষের দীর্ঘ লাইন ছিল সকাল থেকে।

উল্লেখ্য, ২০০০ সালে চীন সরকারের পক্ষ থেকে দেশটিতে বিদেশি কোনো গেম কনসোল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছরের শুরুতে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর মাইক্রোসফটই প্রথম তাদের গেম কনসোলটি চীনের বাজারে নিয়ে আসতে সমর্থ হয়েছে।