যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ সমুদ্রপথ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সামুদ্রিক অংশীদারিত্ব ও ক্যারাট অনুশীলনের বড় অবদান রয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক অনুশীলন কর্মসূচি কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট) এর চতুর্থ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ, বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য আঞ্চলিক কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
ড্যান মজীনা বলেন, চতুর্থ ক্যারাট অনুশীলনের মূল বিষয় হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একত্রে কাজ করা। একত্রে প্রশিক্ষণ নেয়া, অনুশীলন করা যাতে করে তারা নিজেদের সমুদ্র সীমায় নিজেদেরকে আরো সুরক্ষিত ও কার্যকর করে তুলতে পারে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ সামুদ্রিক পথকে সুরক্ষিত করতে এবং যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।
উল্লেখ্য, ছয় দিনব্যাপী এই যৌথ অনুশীলন কার্যক্রম গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়।